সম্মুখ যোদ্ধাদের তথ্য স্বাস্থ্য বিভাগে পাঠানোর আহ্বান

৩০ জানুয়ারি, ২০২১ ১৭:০৭  
সুরক্ষা অ্যাপে নিবন্ধন সুবিধার জন্য সম্মুখ যোদ্ধাদের স্বাস্থ্য বিভাগে তথ্য পাঠানোর আহ্বান জানিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পেশাজীবি সংগঠনের মাধ্যমে এই তালিকা পাঠালে যারা নিবন্ধন নিয়ে সমস্যায় পড়ছেন তা হবে না বলে জানিয়েছেন তিনি। তবে সম্মুখ যোদ্ধারা ছাড়া ৫৫ বছরের নিচে কোনো মানুষ আইসিটি মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন না জানিয়ে যারা সমস্যায় পড়ছেন তাদের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলে আইসিটি মন্ত্রণালয় তাদের রেজিস্ট্রেশন আগেই সম্পূর্ণ করে রাখবে বলে জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক। শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে গোল-ই আফরোজ কলেজের ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান শেষে স্থানীয় সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন প্রতিমন্ত্রী। সঠিকভাবে টিকা প্রদানের জন্য পুরো ভ্যাকসিন কার্যক্রমকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে জানিয়ে এসময় ৫৫ বছরের নিচে সম্মুখ যোদ্ধাদের স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করেন জুনাইদ আহমেদ পলক। স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জন প্রতিনিধিদের কেন্দ্রীয়ভাবে তালিকা না পাঠানো হলে স্ব-স্ব জেলার স্বাস্থ্য বিভাগে তালিকা প্রদানের অনুরোধ জানান তিনি। সুরক্ষা ওয়েব অ্যাপ্লিকেশনে প্রাথমিকভাবে ১৯টি শ্রেণিতে নিবন্ধন করার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে একটি শ্রেণি ৫৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য। বাকিগুলো সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির জন্য। ওই ১৮টি শ্রেণিতে আছেন সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী; অনুমোদিত সকল বেসরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী; প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা কর্মকর্তা-কর্মচারী; বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা; সম্মুখসারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য; সামরিক ও আধা সামরিক প্রতিরক্ষা বাহিনী, রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কার্যালয়ের কর্মীরা। এছাড়া রয়েছেন সম্মুখসারির গণমাধ্যমকর্মী; নির্বাচিত জনপ্রতিনিধি; সিটি করপোরেশন ও পৌরসভার সম্মুখসারির কর্মকর্তা-কর্মচারী; ধর্মীর প্রতিনিধি (সকল ধর্ম); মৃতদেহ সৎকারে নিয়োজিত ব্যক্তি; বিদ্যৎ, পানি, গ্যাস, পয়ঃনিস্কাশন ও ফায়ার সার্ভিসের মত জরুরি সেবার সম্মুখসারির কর্মী; রেল স্টেশন, বিমান বন্দর ও নৌ বন্দরের কর্মকর্তা-কর্মচারী; জেলা ও উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক কর্মী ও প্রবাসী অদক্ষ শ্রমিক এবং জাতীয় দলের খেলোয়াড়রা।